Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

বহুবছর পর নানী বাড়ি দিনাজপুরে এসেছি: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, আমি কিন্তু আজ অনেক ভালো আছি। কারণ, বহুবছর পর আমি আমার নানী বাড়ির দিনাজপুরে...

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, আমি কিন্তু আজ অনেক ভালো আছি। কারণ, বহুবছর পর আমি আমার নানী বাড়ির দিনাজপুরে এসেছি। এটা আমার নানা-নানির দেশ, এই মাটির সঙ্গে আমার আত্মার সম্পর্ক জড়িয়ে আছে।

তিনি বলেন, এই দিনাজপুর শুধু একটি জেলা নয়, এটি বাংলাদেশের শস্যভাণ্ডার। ধানের জন্য দিনাজপুর বিখ্যাত, আর আমাদের নির্বাচনী প্রতীকও ধানের শীষ। ধানের শীষে ভোট দিয়ে আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে চাই।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই বিরামপুর ও আশপাশের উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকেন। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

তারেক রহমান বলেন, বিগত সরকার আমলে উত্তরবঙ্গের এই দিনাজপুরে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। এখানকার মানুষ আজও বেকারত্বে ভুগছে। শিক্ষার মান উন্নয়ন হয়নি, চিকিৎসা ব্যবস্থা মানুষের নাগালের বাইরে চলে গেছে।

তিনি আরও বলেন, আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে তরুণদের চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরতে হবে না। বিএনপি ক্ষমতায় এলে মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে।

উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে বিএনপি চেয়ারপার্সন বলেন, দিনাজপুরকে বলা হয় দেশের শস্যভাণ্ডার। কৃষির উন্নয়ন ছাড়া এই এলাকার উন্নয়ন সম্ভব নয়। আমরা কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করবো, আধুনিক কৃষি ব্যবস্থা চালু করবো এবং এখানকার সুগন্ধি চালকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করে তুলবো।

তিনি বলেন, দিনাজপুর শুধু ধান নয়, লিচুর রাজ্য হিসেবেও পরিচিত। এখানকার বিখ্যাত লিচু ও আমসহ বিভিন্ন কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে এই জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব। আমরা চাই দিনাজপুরের কৃষক ও ব্যবসায়ীরা বিশ্ববাজারে তাদের পণ্যের ন্যায্য মূল্য পাক।

সরকার গঠনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, ধানের শীষে ভোট দেন, আমি কথা দিচ্ছি, আমরা একটি মানবিক, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলবো।

বক্তব্য শেষে তিনি বলেন, এই দেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এই দেশ জনগণের। জনগণের অধিকার জনগণকেই ফিরিয়ে দিতে হবে। সেই সংগ্রামে আপনাদের পাশে থাকতে চাই।

জনসভা শেষে দিনাজপুরের ৬টি আসনের ধানের শীষের মনোনীত প্রার্থীদের জনগণের হাতে তুলে দেন তিনি। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সভাস্থলজুড়ে স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে বিরামপুর সরকারি কলেজ মাঠ।

মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

 

কোন মন্তব্য নেই

Ads Place